নবদ্বীপ পৌরসভার উদ্যোগে তাঁতী বাজারের আনুষ্ঠানিক সূচনা
দি নিউজ লায়নঃ পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় ও নবদ্বীপ পৌরসভার উদ্যোগে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত তাঁতি বাজারের আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। প্রায় দশ হাজার স্কয়ার ফুটের তাঁতী বাজারের আনুষ্ঠানিক সূচনা করলেন, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবদ্বীপ পৌরসভার প্রশাসক বোর্ডের অন্যতম চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা, হ্যান্ডলুম আধিকারিক মৃন্ময় নন্দী,পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ ভট্টাচার্য সহ পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য এবং শহরের ২৪ টি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরগণ ও একাধিক তাঁত ব্যবসায়ী।
নবদ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড়ালঘাটের ফেরীঘাট সংলগ্ন এলাকায় একেবারে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই তাঁতী বাজারে প্রচুর তাঁত ও তাঁত সম্পর্কিত ব্যবসায় যুক্ত মানুষ নতুন করে ব্যবসার সুযোগ পাবেন। এমনিতেই নবদ্বীপ শহরের উডবার্ন রোডে কো-অপারেটিভ সিস্টেমে বেসরকারি ভাবে তাঁত কাপড়ের হাট'টি দীর্ঘদিনের। সেখানে নদীয়া সহ পার্শবর্তী বর্ধমান ও হুগলী জেলার বহু ব্যবসায়ী আসেন কেনাকাটা করতে। হাজারও তাঁতী নিজনিজ তাঁতে শাড়ি কাপড় বুনে সোজা চলে আসেন নিজস্ব উৎপাদনে তৈরি শাড়ি বা কাপড় বেঁচতে।
এবার থেকে অন্যান্য তাঁতীরাও সরকারি জায়গায় বসে নিজ নিজ হাতে তৈরি তাঁতের শাড়ি বা কাপড় বেঁচতে পারবেন সরকারিভাবে গড়ে ওঠা তাঁতী বাজারে। এদিন সরকারিভাবে তাঁতিদের জন্য দশটি স্টল ও ২৪ টি ভিটের চাবি তাঁতীদের হাতে তুলে দেওয়া হয়। পৌরসভা সূত্রে জানান হয়, তাঁতী বাজারটি প্রতি শনিবার ও সোমবার বসবে। এবিষয়ে পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা জানান, সম্প্রতি নদীয়ার প্রশাসনিক বৈঠকে এসে দুর্নিয়ন্ত্রিত যান্ত্রিক পদ্ধতিতে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বাবু আরও জানান, প্রায় সাড়ে পাঁচ কোটি ব্যায়ে নির্মিত এই তাঁতী বাজারটি খুলে যাওয়ায় প্রচুর তাঁতী উপকৃত হবেন।

Post a Comment